চট্টগ্রামে যন্ত্রাংশের গুদাম থেকে ১৭টি ‘চোরাই’ অটোরিকশা জব্দ
চট্টগ্রামের খোয়াজনগর এলাকায় একটি অটোরিকশার যন্ত্রাংশের গুদামে অভিযান চালিয়ে ১৭টি অটোরিকশা জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় মেগা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের গুদাম ওই অভিযান চালালো হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ন কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটি অটোরিকশার বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করে থাকে। তাদের গুদাম থেকে দুই ধরনের চেসিস নম্বর পাওয়া যায় এমন ১৭টি অটোরিকশা জব্দ করা হয়।
আটকদের মধ্যে মেগা গ্রুপের মালিক মো. জাহাঙ্গীর (৫৫) ও ব্যবস্থাপক মো. জাহেদ রয়েছে।
আগে থেকে খবর পেয়ে ওই গুদামে অভিযান চালানো হয় জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন বলেন, জব্দ করা অটোরিকশাগুলোর চেসিস নম্বরের উপরে পাতলা টিনের আবরণ বসিয়ে আরেকটি নম্বর বসানো হয়েছে।
পুলিশের ধারণা জব্দ করা অটোরিকশাগুলো চোরাই। চেসিস নম্বর জালিয়াতি করে বিক্রির জন্য তৈরি করেছে।
বিআরটিসি’র মাধ্যমে অটোরিকশাগুলো যাচাই করা হবে জানান অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ন।
