২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশে আমরাই থাকব, ওরা নয়’

সংখ্যাগরিষ্ঠ অসাম্প্রদায়িক মানুষ ঐক্যবদ্ধ হলেই সাম্প্রদায়িক উসকানিদাতা ‘স্বল্প সংখ্যক’ মানুষ আর বাংলাদেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 08:21 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

পুরনো খবর:

হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদ চট্টগ্রামে

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেবাশীষ পালিত উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাউজানের পৌর মেয়র।

সমাবেশে দেবাশীষ পালিত বলেন, বাংলাদেশে আবহমান কাল থেকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সহাবস্থান করে আসছি। মাঝে মধ্যে দুষ্কৃতিকারী চক্র সম্প্রীতিবিরোধী কর্মকাণ্ড চালিয়ে থাকে।

“এর বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হবে। প্রতিরোধ গড়তে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, সাম্প্রদায়িক উসকানিদাতারা থাকতে পারবে না। আমরাই থাকব বাংলাদেশে।”

সরকারের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না এমন একটি অংশ রয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা দেবাশীষ।

“রাজনৈতিক কর্মী হলেও আমি বলব- সরকারের মধ্যে একটি অংশ আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না। তারাই সবসময় উসকানি দেয়। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”

সমাবেশে সমবেত কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীর উদ্দেশে দেবাশীষ পালিত বলেন, “দেশের সংখ্যাগরিষ্ট অসাম্প্রদায়িক মানুষ আমাদের সাথে আছে। উসকানিদাতারা এক শতাংশেরও কম। আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।”

জন্মাষ্টমী উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল আগামী ১১ নভেম্বর ব্রাহ্মবাড়িয়া সফর করবে জানিয়ে এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান পরিষদের এই নেতা।

তিনি বলেন, প্রয়োজনে লালদীঘির পাড়ে অথবা ঢাকার পল্টনে সমাবেশ করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্রাহ্মবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও ৩০০ বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, দেশব্যাপী মঠ মন্দিরে হামলা, ভাংচুর, জায়গা দখল, শিশু ও নারী ধর্ষণসহ সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তুমুল বৃষ্টি উপক্ষো করে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী এই সমাবেশে জড়ো হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা কাজল কান্তি দে সরকারের উদ্দেশে বলেন, “আপনারা দেখে যান, আমরা কেমন আছি। জেনে যান, আমাদের মনের অবস্থা কি।”

জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দন তালুকদার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যেমন ট্রাইব্যুনালে হয়েছে তেমনি হিন্দুদের ওপর হামলাকারীদের বিচারও ট্রাইব্যুনালে হতে হবে।

সমাবেশে সংহতি জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজ কি আমরা সেই বাংলাদেশে বাস করছি?

“প্রধানমন্ত্রীর সদিচ্ছার বিরুদ্ধে গিয়ে কারা নাসিরনগরে হামলা করে তা বের করার দায়িত্ব সরকারের।”

হিন্দু সম্প্রদায়ের নেতা রাখাল দাশগুপ্ত বলেন, “বারবার হামলা হলেও বিচার না হওয়ায় হামলাকারীরা প্রশ্রয় পেয়ে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা রাজপথেই থাকব।”

সমাবেশে অন্যদের মধ্যে দুলাল চন্দ্র দে, বিমল কান্তি দে, তপন কান্তি দাশ, সাধন ধর, বিদ্যালাল শীল, আশীষ ভট্টাচার্য্য, পিন্টু দাশগুপ্ত, আশুতোষ দাশ, অরবিন্দ পাল অরুণ, সুধীর দাশ, নির্মল কান্তি দাশ ও গৌতম পালিত বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।