হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদ চট্টগ্রামে
ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার বন্দরনগরীর প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মঠ-মন্দিরে হামলার আশঙ্কার কথা বার বার প্রশাসনকে জানানোর পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিষদ নেতাদের।
বক্তারা অভিযোগ করেন, দেশে বার বার এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পরও প্রথমে কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু জড়িতদের কোনো দৃশ্যমান শাস্তি হয় না।
প্রশাসনের কিছু কর্মকর্তার উদাসীনতায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা প্রশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বক্তব্য রাখেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইন্দুনন্দন দত্তসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
