২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে মোটর সাইকেল চুরির তদন্ত করতে গিয়ে একটি চোর চক্রের সন্ধান পাওয়া গেছে, যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ও ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার থেকে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।

গ্রেপ্তাররা হলেন- মহসিন চৌধুরী ওরফে সাদ্দাম, মো. শাকিল, মো. মহিউদ্দিন, আমির হোসেন ও মো. ইকবাল। তারা সবাই ২৫ থেকে ২৬ বছর বয়সী যুবক বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে তা ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায় নিয়ে যায়।

সেখানে বিভিন্ন যন্ত্রাংশ ও কাগজপত্র পরিবর্তন করে বিক্রি করে থাকে।

ওসি জানান, একটি মোটর সাইকেল চুরির তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার সকালে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে সাদ্দাম, শাকিল ও মহিউদ্দিনকে কাগজপত্রবিহীন তিনটি মোটর সাইকেলসহ আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে ফরিদার পাড়া এলাকা থেকে আমির ও ইকবালকে আটক করা হয় বলে জানান তিনি।

আমিরকে জিজ্ঞাসাবাদের পর সে ফটিকছড়ি আজাদী বাজার এলাকায় তার মোটর সাইকেল গ্যারেজের সন্ধান দেয় জানিয়ে শাহজাহান বলেন, “আমির জানিয়েছে বিভিন্ন এলাকায় চুরি হওয়া মোটর সাইকেল সংগ্রহ করে সে।

“সেগুলো তার গ্যারেজে নিয়ে যন্ত্রাংশ পরিবর্তন করে ফটিকছড়ি, তার আশপাশের এলাকা ও বোয়ালখালী উপজেলায় বিক্রি করে থাকেন।”

আমিরের গ্যারেজের থেকে দুইটি চোরাই মোটর সাইকেল ও শতাধিক মোটর সাইকেলের ‘ডকুমেন্ট’ উদ্ধার করা হয়েছে, যেগুলো নগরীর বিভিন্ন এলাকার পাশাপাশি ফেনী জেলা থেকে চুরি হয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তাররা মোটর সাইকেল চোর চক্রের সংঘবদ্ধ সদস্য জানিয়ে ওসি বলেন, মহিউদ্দিন আগেও মোটর সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন সময়ে তিনি ১৪টি মোটর সাইকেল চুরি করে আমিরের কাছে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।”

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহজাহান।