করমেলার দ্বিতীয় দিনে চট্টগ্রামে আদায় ৭০ কোটি টাকা
আয়কর মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রামে ৭০ কোটি টাকার বেশি আয়কর আদায় হয়েছে।
মঙ্গলবার শুরু হওয়া মেলায় দুই দিন পেরোতেই আয়কর আদায় ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বুধবার বিকালে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর আদায় বিষয়ে জানানো হয়।
বুধবার মোট কর আদায় হয়েছে ৭০ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৩৪৯ টাকা। এর মধ্যে চট্টগ্রামে আয়কর মেলায় ৭০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা আদায় হয়।
এছাড়া তিন পার্বত্য জেলায় আয়কর মেলা থেকে আদায় হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৭৭৪ টাকা।
এর আগে মঙ্গলবার মেলার প্রথম দিনে চারটি কর অঞ্চল ও একটি জরিপ রেঞ্জ মিলিয়ে মোট ৩০ কোটি ৭৯ হাজার ৩২২ টাকা আয়কর আদায় করা হয়।
বুধবার কর অঞ্চল-১ এ সর্বোচ্চ ৩৪ কোটি ৯০ লাখ ৭৮ হাজার ৬৩৬ টাকা আয়কর আদায় হয়।
এছাড়া চট্টগ্রাম কর অঞ্চল-২ এ ১৭ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৪৯০ টাকা, কর অঞ্চল-৩ এ ১০ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮৫১ টাকা, কর অঞ্চল-৪ এ সাত কোটি ৭১ লাখ ৩৭ হাজার ৮৯৮ টাকা এবং জরিপ রেঞ্জ-৩ এ ৭৬ হাজার ৭০০ টাকা আদায় হয়।
দ্বিতীয় দিন ৩৭ হাজার ৭৪০ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। বুধবার মেলায় রিটার্ন জমা পড়েছে এক হাজার ৯৫৫টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৩৮ জন এবং ইটিআইএন পুনঃ-নিবন্ধন করেছেন দুই জন।
এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় আয়কর মেলায় তিন হাজার ২২৪ জন করদাতা সেবা গ্রহণ করেছেন।
এর আগে মঙ্গলবার চট্টগ্রামের আয়কর মেলায় ১৭ হাজার ৩৬২ জন করদাতা সেবা গ্রহণ করেন। মেলায় রিটার্ন জমা পড়ে এক হাজার ৩৬২টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৫৯ জন এবং ইটিআইএন পুনঃ-নিবন্ধন করেন সাতজন করদাতা।
এবার মেলায় করদাতারা তাদের ২০১৬-১৭ করবর্ষের রিটার্ন ও কর জমা দেওয়া ছাড়াও ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন করতে পারবেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
মেলায় প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথ আছে । এছাড়া সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথও আছে, যেখানে করদাতাগণ তাদের আয়কর জমা দিতে পারবেন।
