২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামের মিলে আড়াই বছর বিনা অপরাধে কারাগারে

নামের মিলের কারণে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিনা অপরাধে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আড়াই বছর ধরে আটক আছেন এক ব্যক্তি।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

কারাগারে আটক মো. নূর আলম ওরফে ভুট্টো (৪০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।

মামলার আসামি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. ভুট্টো ওরফে রাসেল হিসেবে তিনি বন্দি আছেন বলে পুলিশ ব‌্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে।

রোববার নগরীর বায়েজিদ এলাকা থেকে ‘প্রকৃত আসামি’ ভুট্টোকে গ্রেপ্তারের কথা জানান পিবিআই কর্মকর্তারা।

কারাগারে থাকা ভুট্টোর নির্দোষিতার তথ‌্য মেলার পর তদন্ত চালিয়ে আসল আসামি ভুট্টোকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার জানিয়েছেন।

২০১৪ সালের ১৭ মার্চ নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় ভবন নির্মাণের সেপটিক ট্যাংক থেকে ওমরগণি এমইএস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান ও পোশাক শ্রমিক ফোরকান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কামরুলের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে খুলশী থানায় একটি মামলা করেন। এতে বাঁচা, সাহেদ, শাহআলম, জীবন, জাহাঙ্গীর, লেদু, ভুট্টো, আকাশ, বাহার নামে নয়জনকে আসামি করা হয়।

এজাহারে ভুট্টোসহ বেশ কয়েকজনের পূর্ণাঙ্গ ঠিকানার উল্লেখ ছিল না।

Image
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

হত্যাকাণ্ডের পর পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সব আসামিকে গ্রেপ্তারের কথা জানায়। এর মধ‌্যে কারাগারে আটক ভুট্টো একজন।

মামলার নথিতে দেখা যায়, আসামি সাহেদ, শাহ আলম, বাহার, সাদ্দাম ওরফে বাঁচা আদালতে জবানবন্দি দেন।

জবানবন্দিতে নতুন তিন আসামির ঠিকানা ‘খুঁজে না পাওয়ায়’ তাদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করেননি তদন্ত কর্মকর্তা।

সেই অভিযোগপত্রটি আমলে না নিয়ে আদালত গত ১৫ মে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে পাঠায়।

ডিআইজি বনজ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাগারে আটক ভুট্টো ‘আসল’ ভুট্টো নয় বলে তথ্য আসে। তখন বিষয়টি খতিয়ে দেখতে পিবিআই সদস্যকে নির্দেশ দিই।”

পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, অধিকতর তদন্ত করতে গিয়ে রোববার ভোররাতে রমজান আলী ওরফে তুফান ওরফে আকাশ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ‌্যে সন্ধ্যায় মূল আসামি মো. ভুট্টো ওরফে রাসেলকে (২০) বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

“তারাও (আকাশ ও আলাউদ্দিন) বলেছিল, মামলার আসামি মো. ভুট্টো (আসল ভুট্টো) পলাতক এবং কারাগারে আটক ভুট্টো আসল আসামি নয়।”

রমজান সোমবার সন্ধ্যায় আসল ভুট্টোর পরিচয় তুলে ধরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনর রশিদের আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা।