চমেকের সঙ্গে ব্যাংকক হসপিটালের চুক্তি
বাংলাদেশে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরিতে সহযোগিতা করবে থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল।
রোববার নগরীর র্যা্ডিসন ব্লু চিটাগাং বে ভিউতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সার্জারি বিভাগের সঙ্গে এ বিষয়ে এক সমঝোতা স্মারক সই করে হাসপাতালটি।
‘স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতা’ নামের এ প্রকল্পটি বাস্তবায়নে এ দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
সমঝোতা স্মারকে ব্যাংকক হসপিটালের পক্ষে সই করেন হসপিটালটির ব্রেস্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. সুপাকর্ন রোজানানিন, লাইফ এন্ড হেলথের ব্যবপস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন এবং চমেকের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালের হেড অব চিটাগাং অফিস ডা. মোহাম্মদ তানভীর হাবিব বলেন, ব্যাংকক হসপিটাল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতা’ নামের এ প্রকল্পটি শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়নে চমেকের সার্জারি বিভাগকে সর্বোতভাবে সহযোগিতা করবে ব্যাংকক হসপিটাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকক হসপিটালের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের পরিচালক রালফ ক্রুয়ার, ব্রেস্ট ক্যান্সার এন্ড সার্জিকাল অনকোলজি ডিপার্টম্যান্টের হেড প্রায়ুরাপাট শ্রিরাত, ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের হেড ফয়সাল আনোয়ার প্যাট্রিক।
উপস্থিত ছিলেন চমেক সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. ওমর ফারুক ইউসুফ, ব্যাংকক হসপিটালের সিনিয়র মেডিক্যাল কোঅর্ডিনেটর ডা. ফারাহ চৌধুরী।
