চট্টগ্রামের কাঁচাবাজারে চিংড়ির মধ্যে বিষাক্ত জেলি
চট্টগ্রামের একটি কাঁচাবাজারে অভিযানে গিয়ে চিংড়ির মধ্যে বিষাক্ত জেলির অস্তিত্ব পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারের মাছের আড়তে এ অভিযানে এক মাছ ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহদ্দারহাটে বাজারের মাছের আড়তে চিংড়ির মাথার খোলস ভেঙে এ বিষাক্ত জেলি পাওয়া গেছে।
সিলিকনের সাথে তরল জাতীয় কিছু পদার্থ মিশিয়ে এ জেলি তৈরি করে সেগুলো চিংড়ির মাথায় মধ্যে ঢুকানো হয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ধরনের জেলি স্বাস্থ্যের জন্য ক্ষতিক্ষর জানিয়ে অনুপম বলেন, জেলি দেওয়া প্রায় সাড়ে আট কেজি জব্দ করা চিংড়ি মাছ কেরোসিন দিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আড়তে থাকা চিংড়ি থেকে দৈবচয়ন পদ্ধতি বাছাইয়ের পর পরীক্ষা করে প্রতিটি চিংড়ি মাছে এ জেলি পাওয়া গেছে বলে জানান তিনি।
এ ঘটনায় চিংড়ি ব্যবসায়ী সাদ্দামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় নগরীর পাহাড়তলী বাজারের মো. ইসহাককে পাঁচ হাজার টাকা, ওজনে কম দেয়ায় মুরগি বিক্রেতা আল-আমিনকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে মুদি ব্যবসায়ী সাইদুর রহমান সাইদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে বহদ্দারহাট কাঁচাবাজারের মাংস বিক্রেতা মোস্তাফিজুর রহমানকে অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই ও মূল্য তালিকা না থাকার কারণে পাঁচ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মাছ বিক্রেতা বাদশা মিয়াকে দুই হাজার টাকা ও সবজি বিক্রেতা আবুল বশরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
