রাউজান আওয়ামী লীগের সভাপতি বেবীর মৃত্যু
চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী (৭৮) মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে রাউজান থানা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে জানান।
“তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
তপন জানান, সন্ধ্যায় রাউজান কলেজ মাঠে বেবীর জানাজা হবে। এরপর পৌর সদরের চিটিয়া পাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার উদ্যোগেই রাউজান আওয়ামী লীগ গত বছর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ রাউজানে সমাহিত করার উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছিল বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
