২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে ‘বাঁচাতে’ ভোট থেকে সরলেন রাউজানের রানা

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে ভোটের লড়াইয়ে না থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রাউজান পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে আওয়ামী লীগ দেবাশীষ পালিতকে মেয়র পদে মনোনয়ন দিলে সেই সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ছেলে রানা।

দল থেকে একাধিক প্রার্থী হওয়ায় সমঝোতার উদ্যোগ নেন আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সমঝোতা বৈঠকের পর আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের জানান, রানা ভোটের লড়াইয়ে থাকছেন না।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমঝোতা হয়েছে। দল মনোনীত প্রার্থী দেবাশীষ পালিতকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন রানা।”

রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অনেকটা ‘বাধ্য’ হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

“আমার বাবা পৌর আওয়ামী লীগের সভাপতি। আমার অবস্থানের ব্যাপারে নেতারা বাবাকে দায়ী করছেন। আমি চাই না, আমার জন্য বাবাকে শেষ বয়সে দল থেকে দোষারোপ করা হোক বা বহিষ্কার করা হোক।”

এ বিষয়ে কথা বলতে রানার বাবা শফিকুল ইসলামের যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও রানার নাম ব্যালট পেপারে থাকবে।  

Image
ভোটের প্রচারে সাইফুল ইসলাম চৌধুরী রানা (পাঞ্জাবি পরা)

ভোটের প্রচারে সাইফুল ইসলাম চৌধুরী রানা (পাঞ্জাবি পরা)

রানা বলেন, তিনি এবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েই প্রচারে নেমেছিলেন।

“নির্বাচন করার সাংবিধানিক অধিকার আমি রাখি। সেজন্য মনোনয়নপত্র সংগ্রহের পর আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করে দরখাস্তও জমা দিয়েছি। আমার জনসমর্থন ছিল। সব ওয়ার্ডে জনসংযোগ করেছি।”

কেন্দ্রীয় নেতারা ভবিষ্যতে ‘মূল্যায়নে’র আশ্বাস দিয়েছেন বলে জানান রানা।

সার্কিট হাউসের বৈঠকে কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু ছিলেন।

সভায় জেলা সভাপতি সালাম ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম।

শুধু রাউজান পৌরসভার বিষয়ে সিদ্ধান্ত নিতেই কেন্দ্র থেকে তিন সদস্যের দলটি চট্টগ্রামে আসে বলে জানান সালাম।

পৌর ভোটের শুরুতেই রাউজানে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু কেন্দ্র থেকে দেবাশীষকে মনোনীত করা হয়। এরপর শফিকুলের ছেলে রানা মেয়র প্রার্থী হন।

শফিকুল রাউজানের সংসদ সদস্য ফজলে করিমের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে দেবাশীষ দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী।