২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দাম্পত্য কলহে ‘স্ত্রী খুন’

চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জের ধরে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক খুন হয়েছেন, যাকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2016, 07:32 PM

Updated : 20 Aug 2022, 02:03 PM

গ্রেপ্তার খালেক শাহ (৩২) পেশায় দিনমজুর; নিহত স্ত্রী আশামনিকে (২৫) নিয়ে নগরীর ইপিজেড থানার ওয়াসা গলি এলাকার একটি বাসায় থাকতেন তারা। তাদের দুজনের বাড়িই নেত্রকোনা জেলায়।

সোমবার রাতে নগরীর ইপিজেড থানার ওয়াসা গলি এলাকায় এ ঘটনার পর নিহত আশামনির লাশ পুলিশ মঙ্গলবার সকালে উদ্ধার করে তার স্বামীকেও গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বন্দর থানার এসআই গোলাম কিবরিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, স্ত্রী আশামনিকে নিয়ে ওয়াসা গলির আম্বিয়া ভবনের নিচ তলায় একটি ঘরে ভাড়া থাকতেন খালেক।

“পারিবারিক কলহের জের ধরে রাতে খালেক গলায় গামছা পেঁচিয়ে আশামনিকে হত্যা করে বলে পুলিশকে সে জানিয়েছে।”

এসআই কিবরিয়া বলেন, “পুলিশ লাশ উদ্ধার করতে যাওয়ার পর সেখানে থাকা খালেককে স্থানীয় লোকজন তাকে আমাদের হাতে তুলে দেয়।”

এর আগে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ করতে খালেক র‌্যাব কার্যালয়ে গেলেও আত্মসমর্পণ না করে ফিরে আসে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান এই পুলিশ সদস্য।

এদিকে আশামনির বাবা লুৎফর রহমান সকালে নেত্রকোনা থেকে চট্টগ্রামে পৌঁছে হত্যার ঘটনায় খালেককে আসামি করে নগরীর ইপিজেড থানায় একটি মামলা করেছেন বলে জানান থানার এএসআই কলিম উদ্দিন।

এএসআই কলিম বলেন, আশামনি ও খালেকের সংসারে দাম্পত্য কলহ ছিল বলে মামলায় উল্লেখ করেছেন লুৎফর। বিভিন্ন সময়ে খালেক আশামনিকে নির্যাতন করত।

প্রায় নয় বছর আগে আশামনির সঙ্গে খালেকের বিয়ে হয়। আশামনি নগরীতে একটি পোশাক কারখানায় এবং খালেক দিনমজুর হিসেবে কাজ করতেন।

তাদের ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে আছে এবং মেয়েটি নেত্রকোণায় নানাবাড়িতে থাকে বলে মামলার বাদী লুৎফরের বরাত দিয়ে জানান এএসআই কলিম।