২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্ণফুলীর তীর দখলে দুই ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও বালুর ব্যবসা করায় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

এর মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণে মো. আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং অবৈধভাবে বালুর ব্যবসা করায় কামাল উদ্দিন নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার কর্ণফুলীতে কালুরঘাট সেতুর কাছে বোয়ালখালী থানার কধুরখিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এই অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন নেতৃত্ব দেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কধুরখিল এলাকায় নদীর তীর দখল করে একটি দুই তলা ভবন নির্মাণ করেন কাশেম। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“এছাড়া নদীর বাম তীর দখল করে বালুর ব্যবসা করায় কামাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

সনদ ছাড়া ব্যবসায় জরিমানা

এদিকে সনদ ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নগরীর ডাবলমুরিং থানার বেপারি পাড়া ও দেওয়ানহাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় দেওয়ানহাট এলাকার টনি ফুডসকে ২০ হাজার টাকা এবং মোম্বাই সুইটস অ্যান্ড বেকার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে বেপারিপাড়া এলাকার রিগাল ফুডসকে ৩০ হাজার টাকা ও ফ্রেন্ডস কো এন্টপারপ্রাইজ নামের ড্রিংকিং ওয়াটার প্ল্যান্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।