ছুরিকাঘাতে যুবক হত্যা: চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে চিকিৎসাধীন মাকে দেখতে এসে ছুরিকাঘাতে নোয়াখালীর এক ব্যক্তির মৃত্যুর দুইদিন পর ঘটনায় জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার ইমরান হোসেন বাপ্পি (২১) ও মো. সুমন (৩০) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রুপ ‘টেম্পো বাহিনীর’ সদস্য।
চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের পর সোমবার সন্ধ্যায় মহানগর হাকিম হারুণুর রশিদের আদালতে তাদের হাজির করা হয়েছে বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর জাকির হোসেন সড়কে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কাছে খুন হন নোয়াখালীর বাসিন্দা নাসির (৩০)। শুক্রবার সকালে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
উরুতে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে নাসিরের মৃত্যু হয় বলে লাশ উদ্ধারের পর জানিয়েছিলেন নগরীর খুলশী থানার ওসি নিজাম উদ্দিন।
পুলিশ জানায়, চট্টগ্রাম চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে নোয়াখালীর সোনাইমুড়ির বাড়ি থেকে বাসে করে বৃহস্পতিবার রাত ২টার দিকে চট্টগ্রামে পৌঁছেন নাসির। এরপর হাসপাতালের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
নাসিরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ গ্রেপ্তার সুমনের সন্ধান পায় বলে জানান এ হত্যায় ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার।
মোহাম্মদপুর এলাকায় তার একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সুমনও টেম্পো বাহিনীর সদস্য।
“বৃহস্পতিবার গভীর রাতে একটি অটোরিকশা নিয়ে তাদের পাঁচজন ছিনতাই করতে বের হয়েছিল জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তার দুজন।”
পরিদর্শক সন্তোষ কুমার বলেন, “শুরুতে তারা নাসিরের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে নাসিরকে ছুরিকাঘাত করা হয়।”
গ্রেপ্তার দুই জনকে এ ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিতে পারেন বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।
