২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট ঘণ্টায় চট্টগ্রামে ২ লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরের ভিন্ন জায়গা থেকে আট ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 12:30 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

এরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন (৩৩) এবং ফেনীর বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩০)। জাহাঙ্গীর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানায় কাজ করতেন।

শুক্রবার সকালে নগরীর পাহাড়তলি চক্ষু হাসপাতালের অদূরে জাকির হোসেন সড়ক থেকে ও আগের রাতে খুলশী থানার আমবাগানে মৃতদেহ দুটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে নাসিরের লাশ উদ্ধার করা হয়।

“চক্ষু হাসপাতালের নিরাপত্তারক্ষীর কাছ থেকে জেনেছি, রাত ২টার সময় হাসপাতালের মূল ফটকের কাছে বাস থেকে নামে নাসির। এসময় নিরাপত্তারক্ষী তাকে জানায়, সকাল ৬টার আগে হাসপাতাল খুলবে না। এরপর নাসির মূল ফটকের সামনে থেকে সরে যায়।”

নাসিরের বাম উরুতে ছুরিকাঘাতের চিহ্ন থাকার কথা জানিয়ে ওসি নিজাম বলেন, “ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে তার পকেটে থাকা সাড়ে আট হাজার টাকা আমরা উদ্ধার করেছি।”

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়।

ওসি নিজাম বলেন, “শ্বাসরোধ করে জাহাঙ্গীরকে হত্যা করে লাশ সড়কে ফেলে গেছে। তার গলায় দাগ আছে।”

দুটি লাশই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।