২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টমীতে পূজামণ্ডপে উপচেপড়া ভিড়

শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে চট্টগ্রামের মণ্ডপগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 11:03 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

রোববার সন্ধ্যার পর থেকেই আলোকে সজ্জিত মণ্ডপগুলোতে প্রতিমা দর্শনে ঢল নামে।

নগরীর বিভিন্ন এলাকার সার্বজনীন পূজামণ্ডপগুলোতে ‘থিমপূজার’ (বিষয়ভিত্তিক মণ্ডপ) আধিক্য না থাকলেও আলোকসজ্জা, মঞ্চসজ্জার কোনো অংশে কমতি ছিল না।

নগরীর টেরিবাজার সার্বজনীন দুর্গাপূজা উৎসব প্রাঙ্গণে মূল প্রতিমার পাশাপাশি তুলে ধরা হয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় পুরোহিত হত্যা, নারী নির্যাতনসহ বিভিন্ন ঘটনাকে।

এ পূজা দেখতে আসা তাপস দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে বিভিন্ন জেলায় পুরোহিত, সন্ন্যাসী, যাজক হত্যাসহ বিভিন্ন অপরাধ তুলে ধরে পূজায় প্রতিবাদ করা হয়েছে। মা দুর্গার অসুর বিনাশী শক্তির আশির্বাদের মধ্য দিয়ে দেশের অসুর প্রবৃত্তির বিনাশের জন্য পূজার্থীরা প্রার্থনা করছেন।”

অন‌্যদিকে নগরীর পাঁচবাড়ি সার্বজনীন পূজা কমিটি তাদের মণ্ডপ সাজিয়েছে সাদামাটাভাবে। সাদা-শাড়ি লালপাড়ের শাড়ি পরিয়ে সাজানো হয় প্রতিমাগুলো।

এছাড়া তাদের মঞ্চের পেছনটা সাজানো হয়েছে মানবতার অবমাননাসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্বলিত ব্যানার দিয়ে।

এছাড়া নগরীর হাজারী লেইনের মণ্ডপ সাজানো হয়েছে পৌরাণিক কাহিনী অবলম্বনে। আসুরিক শক্তির দমনে দুর্গার আবির্ভাব এবং দেব শক্তির অসুর বিনাশের ধর্মীয় বিশ্বাস ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় এ মণ্ডপে।

পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেইন, দেওয়ানজী পুকুর লেইন, কুসুম কুমারী স্কুলের পূজা মণ্ডপগুলোতে মঞ্চসজ্জা, আলোকসজ্জায় ছিল ভিন্নতা।

শিশু রিয়া, রিমি ও অর্পণ এসব মণ্ডপ ঘুরতে এসেছিলেন বাবা-মায়ের হাত ধরে। আলোক ঝলমল মণ্ডপ ও দুর্গা প্রতিমা দেখে তারা ছিল আনন্দিত।

রোববার সকালে পাথরঘাটায় সান্তনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। 

নগরীর জেএমসেনহলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ প্রতিদিনের মতো অষ্টমী পূজায় আয়োজন করে ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের।

পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাশ বলেন, “বন্দরনগরীতে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অঘটনের সংবাদ পাওয়া যায়নি।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী,এবারে নগরীতে ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

নগরীর বাইরের ১৪টি উপজেলায় ১৪৬৯টি মণ্ডপের দুর্গাপূজা চলছে।