২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে থাকা উচিত: শাজাহান

ক্রিকেট খেলায় একাত্তরে গণহত্যাকারী দেশ পাকিস্তানকে অনেক বাংলাদেশির সমর্থন করার সমালোচনা করে বরং দলটির বিপক্ষে অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 08:23 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

শুক্রবার চট্টগ্রাম বন্দরের এনসিটি গেইট-৩ ও এনসিটি সিএফএস শেড উদ্বোধন শেষে এক অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, “একটি কথা আমি দুঃখের সাথে বলতে চাই যে, আমাদের দেশের মানুষ যখন পাকিস্তানের খেলায় জেতা-হারায় আনন্দ আর দুঃখ প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন- তখন আমি নিজের মনের কাছে লজ্জিত হই।

“যে পাকিস্তান আমাদের ৩০ লাখ মানুষ হত্যা করেছে, তিন লাখ মা-বোনের সম্ভ্রমহানি করেছে- সে পাকিস্তান যখন খেলবে, যে দেশের বিরুদ্ধে খেলবে, আমাদের উচিত হল তার বিপক্ষে সমর্থন দেওয়া।”

বর্তমান পাকিস্তান উপমহাদেশসহ সারা বিশ্বে জঙ্গি রপ্তানি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা শাজাহান।

“বাংলাদেশ এখন চাল রপ্তানি করছে, অন্যদিকে পাকিস্তান জঙ্গি রপ্তানি করছে। সারা দুনিয়াতে বিশেষ করে উপমহাদেশে পাকিস্তান জঙ্গি রপ্তানি করে বিভিন্ন দেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে।”

এ পরিস্থিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা যেন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি। যে জঙ্গিরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে শিপিং বিজনেস বিষয়ক দৈনিক লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দর ৮৭ থেকে ৭৬তম অবস্থানে উঠে আসাকে বর্তমান সরকারের অন্যতম সাফল্য বলে মন্তব্য করেন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, “যখন আমরা ক্ষমতা গ্রহণ করি তখন লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দর ছিল ৯৮তম। এখন করাচি ও আমেরিকার হিউস্টন সমুদ্র বন্দরকে পেছনে ফেলে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৭৬তম।

“শুধু তাই নয় বিএনপি আমলে চট্টগ্রাম বন্দরের রিজার্ভ ছিল সাড়ে তিন হাজার কোটি টাকা। এখন সে রিজার্ভ নয় হাজার কোটি টাকা।”

মংলা বন্দরের উদাহরণ দিয়ে নৌমন্ত্রী বলেন, “বিএনপি আমলে খালেদা জিয়া লোকসানের অজুহাতে মংলা বন্দরকে গলা টিপে হত্যা করেছিল। আমরা এখন সে মংলা বন্দর থেকে ৬৫ কোটি টাকা লাভ করেছি।”

বিদ্যুৎ উৎপাদন, খাদ্য উৎপাদন, মাথাপিছু আয় ও আয়ু বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, মূল্যস্ফিতি হ্রাস- এগুলো শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

“বারাক ওবামা, বিশ্বব্যাংক বাংলাদেশকে অনুসরণ করার কথা বলছেন। যে গড়ায় তার পোড়ায়। আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। দীর্ঘ সময় আমরা রাষ্ট্রক্ষমতা পাইনি। আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।”

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন রাজনীতি থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত রাখার আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ ও ৯৮ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দর দিয়ে হয়।

“গত বছর আমরা ২০ লাখ টিইউএস কনটেইনার হ্যান্ডল করেছি। এবছর সে সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যাবে।”  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য লতিফূর রহমান, সাংসদ সামশুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম ও এবিএম ফজলে করিম চৌধুরী উপস্থিত ছিলেন।