চট্টগ্রামে লেগুনা দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী লেগুনা দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মনসার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লেগুনাটি চট্টগ্রাম শহর থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। মনসার টেক সংলগ্ন বাদামতল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।
লেগুনা থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুইজন এবং পটিয়ার বিজিসি ট্রাস্ট হাসপাতালে একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন আবু বকর (৫০) ও সুব্রত তালুকদার (৩০)।
লেগুনার চালকসহ আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান।
