চট্টগ্রামে পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩ নির্দেশনা সিএমপির
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় ১৩টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার সিএমপি সদর দপ্তরে দুর্গাপূজা, চট্টগ্রামে ইংল্যান্ড দলের সঙ্গে ওয়ানডে ক্রিকেট ম্যাচ (ওডিআই) ও আশুরার নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
তিনি বলেন, “এর আগে কখনো এরকম গুরুত্বপূর্ণ তিনটি ইভেন্ট একসঙ্গে পড়েনি। এ তিন ইভেন্টের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
“চট্টগ্রাম মহানগরে ২৩১ টি পূজামণ্ডপ আছে। এগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ।”
এর মধ্যে ১০৫টি অধিক গুরুত্বপূর্ণ, ১০০টি গুরুত্বপূর্ণ ও ২৬টি সাধারণ পূজামণ্ডপ রয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, “সবগুলো পূজামণ্ডপে পুলিশ ও আনসার দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছি। পূজামণ্ডপে সাদা পোশাকে পুলিশও নজরদারি করবে।”
প্রতিমা বিসর্জনের দিনও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।
এছাড়া পূজামণ্ডপের বাইরে মোবাইল টিম, পিকেট টিম ও স্পেশাল টিম থাকবে। প্রতিট মণ্ডপে একটি রেজিস্ট্রার বই রাখা হবে যেখানে দর্শনার্থীরা তাদের লিখিত পরামর্শ দিতে পারবে।
পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় সিএমপির দেওয়া ১৩টি নির্দেশনার মধ্যে মণ্ডপ ও এর আশেপাশের এলাকায় কোনো প্রকার ব্যাগ, ব্যাগ সদৃশ বস্তু, টিফিন বক্স, প্রেসার কুকার ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ এবং অবস্থান থেকে বিরত থাকা রয়েছে।
এছাড়া নির্দেশনায় মণ্ডপে প্রবেশে নারী ও পুরুষের আলাদা লাইন তৈরি করা, আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকা, বখাটেদের ব্যাপারে পুলিশের সহায়তা নেওয়া ও নির্দিষ্ট পরিচয়সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়।
বড় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর যন্ত্র ও ফায়ার ফাইটিং যন্ত্রের ব্যবস্থা রাখাও নির্দেশনা রয়েছে।
ইকবাল বাহার বলেন, প্রতিমা বিসর্জনের দিন সন্ধ্যার আগেই প্রতিমা ডুবানোর স্থানে নিয়ে যেতে হবে। নিরাপত্তার স্বার্থে রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে ।
“২৩১টি পূজামণ্ডপের প্রতিমা একসঙ্গে বিসর্জনের জন্য না নিয়ে আমরা প্রস্তাব করেছি ১০ থেকে ১৫টি বহরে প্রতিমা যাতে বিসর্জনের জন্য নেওয়া হয়। সে জন্য আমরা পূজা কমিটির সাথে কথা বলেছি, যাতে নিরাপত্তার ও যান চলাচলে কোনো সমস্যা না হয়।”
ক্রিকেটারদের জন্য নিরাপত্তা
আগামী ১০ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে চট্টগ্রামে যাবে দুই দেশের দুই ক্রিকেট দল। এছাড়াও চট্টগ্রামে একটি টেস্ট ম্যাচ ও দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।
খেলা উপলক্ষে দর্শনকদের কিছু নির্দেশনাও দিয়েছে সিএমপি।
খেলার মাঠে ব্যাগ, ব্যাগপ্যাক, বোতল, ক্যান, টিফিন বক্স, ক্যামেরা, খাবার প্যাকেট ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সিএমপি।
“জাতীয় পতাকা, চার ও ছক্কার স্টিকার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে, কিন্তু জাতীয় পতাকার সাথে কোনো দণ্ড বা লাঠি নেওয়া যাবে না। মোবাইল ছাড়া আর কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নেওয়া যাবে না।”
ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরে ইকবাল বাহার বলেন, “ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি আমরা ছয় ভাগে ভাগ করেছি।
“তাদের আনা-নেওয়ার ক্ষেত্রে এস্কর্ট ডিউটি থাকবে, যেখানে ক্রিকেটারদের বহনকারী বাসের সামনে ও দুই পাশে পুলিশ ও পেছনে র্যাবের গাড়ি থাকবে। পাশাপাশি এয়াপোর্ট ডিউটি, রুট ডিউটি, হোটেল ডিউটি ও স্টেডিয়াম কেন্দ্রিক ডিউটি থাকবে ক্রিকেটারদের নিরাপত্তায়।”
এছাড়াও সোয়াত টিম, বোম্ব ডিসপোজেবল ইউনিট, কুইক রেসপন্স টিম, স্ট্রাইকিং রিজার্ভ, ডিবি, র্যাব, ফায়ার সার্ভিস, সাদা পোশাকে পুলিশ ফোর্স ও সিআইডি ফরেনসিক টিম থাকবে বলে জানান তিনি।
১২ অক্টোবর ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে আশুরা। এদিন সন্ধ্যার মধ্যে আশুরা তাজিয়া মিছিল শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ইকবাল বাহার।
