দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চট্টগ্রামে বস্ত্র বিতরণ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এতে প্রশাসন পূজার নিরাপত্তায় সজাগ রয়েছে জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করার কথা বলেন মেয়র।
“শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করুন। সরকার-প্রশাসন আপনাদের পাশে রয়েছে।”
অনুষ্ঠানের অতিথি হিসেবে জেলা প্রশাসক সামসুল আরেফিনও বক্তব্য রাখেন।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে বস্ত্র বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নিতাই প্রসাদ ঘোষ।
