চট্টগ্রামে ‘ইয়েস টু রামপাল’ শিরোনামে সেমিনার
সরকারের উন্নয়নকে থামাতেই রামপালের বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে চট্টগ্রামের এক সেমিনার থেকে।
মঙ্গলবার সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইং নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক সেমিনারে এ অভিযোগ করা হয়।
চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘ইয়েস টু রামপাল’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সুফি মালেক বলেন, শেখ হাসিনার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নেই। আপনারা তার উপর বিশ্বাস ও আস্থা রাখতে পারেন।
তিনি বলেন, রামপাল মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। এটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে ও ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে ৬৯ কিলোমিটার দূরে।
অর্থনৈতিক, সামাজিক, কারিগরী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের গবেষণা ও মতামতের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম ও শর্ত মেনেই প্রকল্পটির কাজ চলছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বেশকিছু বিষয় বিবেচনায় নিয়ে একটি বিদ্যুৎকেন্দ্র হয়। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে কি পরিমাণ লোক সরাতে হবে, এলাকাটি কৃষি জমি কি না, সেখানকার পরিবহন ব্যবস্থা, পরিবেশ ও আর্থ সামাজিক প্রভাব কি রকম।
রামপাল এলাকায় মানুষের ঘনত্ব কম, এলাকাটি অনুর্বর, পতিত, জলাধার হওয়ায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তটি সঠিক বলে মন্তব্য করেন তিনি।
কয়লা বিদ্যুৎকেন্দ্রের পক্ষে তিনি বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেন, চীন তার বিদ্যুতের ৭৯ ভাগ, ভারত ৬৮ ভাগ, দক্ষিণ আফ্রিকা ৯৩ ভাগ ও মালয়েশিয়া ৩৩ ভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয় বলে জানান তিনি।
তিনি প্রশ্ন রেখে বলেন, এসব দেশ কি নিজের দেশের পরিবেশ ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদন করছে?
“তারা নিজ নিজ দেশের উন্নয়নকে নিশ্চিত করতে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। এখানে যারা রামপালের বিরোধিতা করছে তারা দেশের উন্নয়ন বিরোধী।”
সেমিনারে অন্যদের মধ্যে সংগঠনটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমদ ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারপার্স এসএম আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
