২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীলে ছয় প্রশ্নের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সামনের এসএসসি থেকে ছয়টির পরিবর্তে সাতটি সৃজনশীল প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামের সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 11:19 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সড়ক অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তবে পুলিশ বলছে, শিশুদের লাঠিপেটার মত ‘অমানবিক’ কাজ করার প্রশ্নই আসে না। শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু।

বেলা ১২টার দিকে নগরীর ব্যস্ততম জিইসি মোড় এলাকায় সমবেত হয় নগরীর নাসিরাবাদ বয়েজ স্কুল, কলেজিয়েট স্কুল ও আমবাগান-টাইগারপাস এলাকায় কয়েকটি বিদ্যালয়ের শ’খানেক শিক্ষার্থী।

এসময় তারা সড়কে অবস্থান নিয়ে সাতটি সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতৃত্বে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সৃজনশীল পদ্ধতিতে ছয়টির পরিবর্তে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে স্কুল শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতদিন যারা আন্দোলন করছিল তারা ২০১৭ সালের পরীক্ষার্থী।

“আজ যারা সড়কে নেমেছে তারা নবম শ্রেণির শিক্ষার্থী। তারা ২০১৮ সালে পরীক্ষা দেবে। তারা নিজেরাই ফেইসবুকে যোগাযোগ করে আজকের কর্মসূচি ঠিক করেছিল। এ বিষয়ে আমরা জানতাম না।”

নুরুল আজিম রনি বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল এটা ঠিক। কিন্তু কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যের লাঠিচার্জও গ্রহণযোগ্য নয়।

“সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তুলতেই পুলিশের এ ভূমিকা কি না তা খতিয়ে দেখা দরকার।”

রনির দাবি পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত তিন শিক্ষার্থীর ছবি দিয়ে রাত ৯টায় তিনি একটি ফেইসবুক পোস্টও দেন।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করেই শিশুরা সড়কে নেমে আসে। তারা সড়ক বন্ধ করে দেয়।

লাঠিচার্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “লাঠিচার্জ করব কেন? আমাদের সবারই সন্তান আছে। বাচ্চাদের লাঠিচার্জ করার মত কোনো কাজ আমরা করতে পারি না।

“অবরোধ সরাতে পুলিশ সদস্যরা ধাওয়া দেয়। এতেই শিশুরা ছত্রভঙ্গ হয়ে একেক দিকে চলে যায়।”

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই শিক্ষার্থীদের উসকানি দিয়ে সড়কে নামিয়েছে বলেও অভিযোগ করেন পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন।