২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিআইইউতে ‘কর্পোরেট আড্ডা’

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রথম কর্পোরেট আড্ডা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর জামালখানে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে সিআইইউ-রয়েল সিমেন্ট কর্পোরেট আড্ডার প্রথম পর্ব ‘ভয়েস অফ এন এন্ট্রাপ্রেনিওর’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ক্যারিয়ারে সফল হতে হলে শিক্ষার্থীদের নৈতিক আর্দশ বজায় রাখার আহ্বান জানান শিল্পগোষ্ঠী বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন।

তিনি বলেন, “নৈতিকতার অভাবে বেশীর ভাগ ব্যবসা প্রতিষ্ঠানই দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত টিকতে পারে না। একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু ধ্বংস হতে দুই মিনিটও লাগে না।”

শিক্ষার্থীদের সামাজিক কাজে জড়িত হওয়ার পরামর্শ দিয়ে আলীহুসেইন বলেন, ‍“তোমাদের হাতে অর্থ নেই কিন্তু সময় তো আছে। এটা সামাজিক কাজে ব্যয় কর। দরিদ্রদের জন্য কিছু কর।”

রূপকল্প এবং মূল্যবোধই কোনো প্রতিষ্ঠানের প্রাণ মন্তব্য করে তিনি বলেন, শুধুমাত্র লেখার জন্য বা লোক দেখানোর জন্য প্রতিষ্ঠানের ভিশন থাকলে চলবে না। ভিশনের শিক্ষা অনুযায়ী সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলীহুসেইন বলেন, “আমাদের শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলে ঘাটতি আছে। এতে দক্ষ হতে হবে। ইংরেজি দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলের সদস্য হিসেবে কাজ করার সক্ষমতা থাকতে হবে। সময়ের সাথে নিজের পরিবর্তনও আনতে হবে।”

অনুষ্ঠানে সিআইইউ’র উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক বলেন, “নর্থ আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে ইনডাকটিভ পদ্ধতি অনুসরণ করা হয়। সিআইইউও এই পদ্ধতি অনুসরণ করছে। আজকের আয়োজন তারই প্রতিফলন।”

সিআইইউ’র ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম খান ও স্পন্সর প্রতিষ্ঠান রয়েল সিমেন্ট লিমিটেডের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাসির খান।

উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমির, সিআইইউ ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলাম, ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মনজুর কাদের, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাহমুদ হাসান, ব্যবস্থাপনার বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী রশিদ এ চৌধুরী ও মানবসম্পদ বিভাগের চেয়ারম্যান মোসলেহউদ্দিন খালেদ।

বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ সম্বন্ধে ধারণা দিতে এবং ভবিষ্যত নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে এ কর্পোরেট আড্ডার আয়োজন করা হয়।