২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি যাওয়া কাপড়সহ কভার্ড ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দর থেকে নেওয়ার পথে চুরি হওয়া ৩৬০ রোল কাপড়সহ একটি কভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, বৃহস্পতিবার ভোর রাতে নগরীর বড় পুল এলাকা থেকে কভার্ড ভ্যানটি আটকের সময় এটির চালক ও তার সহকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন, কভার্ড ভ্যানের চালক মো. ইস্রাফিল হোসেন ওরফে সম্রাট (২১) ও সহকারী মো. সেলিম (২৯)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, বুধবার রাত ৮টার দিকে বিদেশ থেকে আনা তিন কভার্ড ভ্যান কাপড় নগরীর সাগরিকা এলাকার ‘ভ্যানগগ গার্মেন্টেসে’ নিয়ে যাওয়া হচ্ছিল।

“এর মধ্যে দুইটি কভার্ড ভ্যান কারখানায় পৌঁছালেও একটি কভার্ড ভ্যান যায়নি।”

পুলিশ কর্মকর্তা সেলিম বলেন, অভিযোগ পাওয়ার পর বন্দর থানার একটি দল অভিযানে নেমে দেওয়ান হাট এলাকায় অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে কভার্ড ভ্যানটি সেখান থেকে পালিয়ে যায়। নগরীর বিভিন্ন এলাকায় কভার্ড ভ্যানটি ঘুরতে থাকে। পরে বড়পুল এলাকা থেকে কভার্ড ভ্যানটি আটক করা হয়।”

গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, “কভার্ড ভ্যানটিতে থাকা মালামালগুলো পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়ে বিক্রি করে দেওয়া হয় বলে আমাদের জানিয়েছে। বাকি টাকা কাপড় বিক্রির পর দেওয়ার চুক্তি হয়।”

তিনি আরও বলেন, বন্দর থেকে বের হওয়ার সময় কভার্ড ভ্যানটির দরজায় সিলগালা করা ছিল। সিলগালা রেখে পাশের স্ক্রু খূলে কভার্ড ভ্যানটির মালামালগুলো ক্রেতাদের দেখানো হয়েছিল।

আটক করা কভার্ড ভ্যানটিতে ৩৬০ রোল কাপড় ছিল, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে বলে জানান পুলিশ কর্মকর্তা সেলিম।