২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ অটোরিকশা চোর গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 12:47 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর চান্দগাঁও, আনোয়ারা উপজেলা ও কক্সবাজারের চকরিয়ায় এসব অভিযানে একটি চোরাই অটোরিকশাও পাওয়া গেছে।

গ্রেপ্তাররা হলেন- সেলিম (২৫), বাবুল (২৫), দেলোয়ার (২২) ও আবু তাহের (২৪)।  

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা অটোরিকশার চালকদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে বদলি হিসেবে গাড়ি চালায়।

উদ্ধার করা অটোরিকশাটি সেলিম কিছুদিন আগে চালিয়েছিলেন জানিয়ে ওসি বলেন, “পরে গত শনিবার রাতে অক্সিজেন এলাকার একটি গ্যারেজ থেকে তারা অটোরিকশাটি চুরি করে।

“পরে সন্ধান দেওয়ার কথা বলে অটোরিকশার মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করে তারা।”

ওসি মহসিন জানান, অটোরিকশার মালিক মামলা করলে পুলিশ তদন্ত করে মঙ্গলবার বিকালে চকরিয়া সদর থেকে সেলিমকে এবং নগরীর চান্দগাঁও এলাকা থেকে অন্যদের গ্রেপ্তার করে।

“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকা থেকে চুরি করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।”