২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল পিস্তল

চট্টগ্রামের বাকলিয়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে গিয়ে এক বাসা থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 12:44 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

মঙ্গলবার রাতে আশরাফিয়া হাউজিং সোসাইটির ওই বাসায় চালানো অভিযানে রোকসানা আক্তার (২৪) নামের এক নারীকে আটক করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রোকসানার স্বামী নাসির উদ্দিন মোটরসাইকেল চুরিতে জড়িত। মঙ্গলবার রাতে সিআইডির একটি দল চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে তার বাসায় যায়।

এসময় রোকসানা বাসায় ঢুকতে ও তল্লাশিতে বাধা দেন জানিয়ে আব্দুর রহমান বলেন, “বাসার একটি আলমারি থেকে সাতটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি কিরিচ উদ্ধার করা হয়।”

গত ১৯ অগাস্ট খুলশী এলাকা থেকে সিআইডির এক সদস্যের বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়। এর তদন্তে নেমে চুরির সঙ্গে নাসিরের সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঁচতলা ভবনের নিচতলায় নাসির স্ত্রীকে নিয়ে থাকেন। বাসার ভেতরে-বাইরে সাতটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে বলে জানান তিনি। 

নাসিরের বিরুদ্ধে আনোয়ারা থানায় মোটরসাইকেল চুরির ১৮টি মামলা আছে বলে জানিয়ে আব্দুর রহমান বলেন, তাকে ধরার চেষ্টা চলছে।