চট্টগ্রাম কলেজে দুই দল ছাত্রের মারামারি
চট্টগ্রাম কলেজে ইংরেজি বিভাগের দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারির পর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইংরেজি বিভাগের সেমিনার হলে প্রথম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এই মারামারি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাইমন, তৃতীয় বর্ষের মনিরুদ্দিন, দুর্জয় ও কাইছার উদ্দিন চৌধুরী।
দুপুর ১২টার দিকে তাদের হাসপাতালে আনা হয় বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেমিনার হলে তৃতীয় বর্ষের আমরা কয়েকজন বসে ছিলাম।
“এসময় প্রথম বর্ষের কয়েকজন এসে জানতে চায় আমরা কেন সেখানে বসে আছি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে।”
হামলায় তৃতীয় বর্ষের পাঁচজন আহত হয়েছেন দাবি করে হাছান বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মনিরুদ্দিনের আঘাত বেশি।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত মাহমুদুল করিমের অনুসারীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের।
অভিযোগ অস্বীকার করে মাহমুদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ছেলেদের উপর হামলা হলেও সংগঠনের স্বার্থে, কলেজের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি।
“এসব হামলার অভিযোগ করে তারা ছাত্রলীগের ইমেজ নষ্ট করতে চায়। তারা আসলে শিবিরের গুপ্তচর।”
