২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল বহনে চট্টগ্রামে নারীর যাবজ্জীবন

চল্লিশ বোতল ফেনসিডিল বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় বছর আগের মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডিত মোছাম্মৎ শাহজাদা আক্তার (৩৫) কক্সবাজার জেলার চকরিয়ার শিয়ালঘাটা এলাকার জাফর আহমদের স্ত্রী। তবে এই দম্পতি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় থাকতেন।

দণ্ডপ্রাপ্ত নারী শাহজাদা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় করা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

“পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাভোগের আদেশ দিয়েছে আদালত।”

আইনজীবী লোকমান জানান, ২০১০ সালের ১৮ মার্চ কুমিল্লা থেকে দোয়েল পরিবহনের একটি গাড়িতে করে চট্টগ্রামে আসছিলেন শাহজাদা আক্তার। তিনি ফেনসিডিল বহন করছেন এমন অভিযোগে বাসের যাত্রীরা তাকে মিরসরাই থানার সামনে নামিয়ে দেয়।

এরপর মিরসরাই থানার পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বাঁধা অবস্থায় ৪০ বোতল ফেনসিডিলি উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই মিরসরাই থানায় একটি মামলা করে।

মামলায় ২০১০ সালের ১৫ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১১ সালের ৪ মে অভিযোগ গঠন করে আদালত।

এরপর মোট চারজনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।