২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি দুর্ঘটনায় রেলের দুজন বরখাস্ত

চট্টগ্রামের পাহাড়তলী ও ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনায় অবহেলার প্রমাণ মেলায় দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 07:46 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

তারা হলেন- ফৌজদারহাটের স্টেশন মাস্টার সঞ্জীব দাশ এবং পাহাড়তলী স্টেশনের ট্রেন কন্ট্রোলার শহীদুল আনোয়ার।  

গত ১৪ সেপ্টেম্বর সংঘটিত দুর্ঘটনা দুটির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত প্রতিবেদনে ওই দুইজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের ভুল সিদ্ধান্তের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।”

তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য রেললাইনের কোনো সমস্যা পায়নি বলে জানান তিনি।

গত ১৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের ফৌজদারহাটে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকাগামী ট্রেনের লাইন বন্ধ হয়ে যায়।

এরপর বিকালে পাহাড়তলী লেভেল ক্রসিংয়ের কাছে ঢাকামুখী আন্তঃনগর মহানগর গোধূলীর চারটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ ১০ ঘণ্টা বন্ধ থাকে।

দুই দুর্ঘটনার পরপরই পূর্ব রেলের সিওপিএসকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

পুরনো খবর:

চট্টগ্রামে ট্রেন লাইনচ‌্যুত, চলাচল বন্ধ