চট্টগ্রামে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আট ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকের ওই দুর্ঘটনার পর রাত ১১টা পর্যন্ত কোনো ট্রেন চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি। সেগুলোর যাত্রা বাতিলও করা হয়নি; বিলম্বে হলেও ছেড়ে যাবে।
চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নগরীর পাহাড়তলী রেল স্টেশনের অদূরে রেলক্রসিং অতিক্রম করার সময় আন্তঃনগর গোধূলী এক্সপ্রেসের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয় বলে জানান পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া।
এরপর বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখে বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি ঢাকার পথে রওনা দেয়।
তবে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটের ট্রেনগুলোর চট্টগ্রাম পথে চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনটির পেছনের চারটি বগির তিনটি কাত হয়ে গেছে ও একটি লাইন থেকে সরে গেছে।
চারটি বগির তিনটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত।
মো. জাবেদ নামে এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটি একটি আওয়াজ দিয়ে বন্ধ হয়ে যায়।
“এসময় পেছনের বগিগুলো পড়ে যায়।”
রেল কর্মকর্তারা জানান, সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন (কন্টেইনারবাহী ট্রেন) দুর্ঘটনার শিকার হওয়ায় ঢাকামুখী ‘আপ লাইন’ বন্ধ হয়ে যায়।
বিকাল ৩টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা রওনা হওয়া আন্তঃনগর গোধূলী পাহাড়তলী রেলক্রসিং অতিক্রম করে ডাউন লাইনে যাওয়ার সময় পেছনের চারটি বগি পড়ে যায়।
সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাওয়ার পথে সীতুকুণ্ড ফৌজদারহাট স্টেশনের কাছে ফৌজদারহাট বাজারে কন্টেইনারবাহী ট্রেনটি মূল লাইনে ওঠার সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়।
বিকালের দুর্ঘটনায় তিনটি বগি কাত ও একটি বগি লাইন থেকে সরে গেছে বলে জানান তিনি।
রেল কর্মকর্তা মঞ্জুরুল বলেন, ট্রেনটিতে মোট ১৮টি বগি ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখে বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি ঢাকা রওনা দেয়।
দুর্ঘটনার কারণে চারটি বগি ‘সামান্য’ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন আসছে। দ্রত সময়ে বগিগুলো উদ্ধার করে রেল যোগযোগ স্বাভাবিক করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর রাত ১১টা পর্যন্ত যেসব ট্রেন চট্টগ্রাম ছেড়ে যেতে পারেনি সেগুলোর যাত্রা বাতিল করা হয়নি।
রেলওয়ের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাগামী তূর্ণা নিশিথা, ঢাকা মেইল, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুরাগমী মেঘনা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়নি। বিলম্বে হলেও ট্রেনগুলো যাবে।
বিভিন্ন গন্তব্য থেকে চট্টগ্রামমুখী পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে বলেও জানানো হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে।
কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
আন্তঃনগর গোধূলীর এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইখতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ডিআরএম মঞ্জুরুল।
তিনি বলেন, “কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।
