২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ আবাসিক এলাকা ছাড়তে ১৭ প্রতিষ্ঠানকে তিন মাস সময়

চট্টগ্রামের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা থেকে সরে যেতে শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তিন মাসের সময় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 07:48 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার এক অভিযানে সিডিএ আবাসিক এলাকায় নিয়ম না মেনে বাণিজ্যিক কার্যক্রম চালানোয় চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা ও ক্ষতিপূরণও আদায় করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালত।

সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান ন্যু নেতৃত্বে পরিচালতি এই অভিযানে ওই চার প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয় এক লাখ ১০ হাজার টাকা।

আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা চট্টগ্রামের সবচেয়ে পুরনো আবাসিক এলাকা।

এই এলাকায় নিয়ম বহির্ভূতভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করায় এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এছাড়াও স্কুল, বিউটি পার্লার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ মোট ১৭টি প্রতিষ্ঠানকে আবাসিক এলাকা থেকে সরে যেতে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে সরে যেতে ২৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তিন মাস সময় দেয় সিডিএ পরিচালিত একই ভ্রাম্যমাণ আদালত

২০১৪ সালের ২৮ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে কাজ শুরু করতে বলেছিলেন।

২০১৫ সালে স্থানীয় সরকার বিভাগকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দিতে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়। চলতি বছর এপ্রিলে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রিসভার বৈঠকে তাদের প্রতিবেদন দেয়।

এরপর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিতে ছয় মাস সময় বেঁধে দেয় সরকার।