চট্টগ্রামে গলায় কৈ মাছ আটকে যুবকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে গলায় কৈ মাছ আটকে এক যুবক মারা গেছেন।
নিহত সজল দাশ (২৮) বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকালে চাম্বল গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কৈ মাছ সজলের গলায় আটকে যায়।
এরপর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।
মৃতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ সদস্য জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে পুকুর সেচে মাছ ধরার সময় একটি কৈ মাছ ধরে তিনি মুখে আটকে রেখে অন্য মাছ ধরছিলেন।
এসময় মাছটি তার মুখের মধ্য দিয়ে গলায় গিয়ে আটকে যায়। প্রথমে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিস্থিতির অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হলে সেখানেই সজলের মৃত্যু হয়।
