চট্টগ্রামে দোকান থেকে শতাধিক ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ
চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় একটি সোনার দোকান থেকে ১১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।
ওয়ারলেস ঝাউতলা কলোনি এলাকার কর্ণফুলী জুয়েলার্সের মালিক সত্য কুমার ঘোষ রোববার এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন।
তিনি বলেছেন, দেয়াল ভেঙে দোকানে ঢুকে সিন্দুক কেটে এসব স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১১টা থেকে রোববার সকাল ১০টার মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে তাদের জানানো হয়েছে।
“জুয়েলার্সটির মালিক বলেছেন, শুক্রবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করেন। শনিবার দোকান বন্ধ ছিল। রোববার সকালে দোকান খোলার পর চুরির বিষয়টি নজরে আসলে পুলিশে খবর দেন।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, দোকানের পেছনের দেওয়াল ভাঙা ও সিন্ধুক কাটা পেয়েছেন তারা।
“ওয়েল্ডিং মেশিন দিয়ে সিন্দুক কাটা হয়েছে বলে ধারণা করছি।”
