চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে ব্যানার ছিঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর কোতোয়ালি থানার এনায়েতবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।
নিহত ইয়াছিন আরাফাত জয় (২১) এনায়েতবাজার কসাইপাড়ার বাসিন্দা মো. শাহাবউদ্দিনের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে এনায়েতবাজারের আলী ভবনের চার তলা থেকে একটি ব্যানার ছিঁড়তে যান জয়। ব্যানার টাঙানোর একটি লোহার পাইপ ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লাগানো ছিল। পাইপ ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে জয় তড়িতাহত হন।
স্থানীয়রা উদ্ধার করে জয়কে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এএসআই পংকজ জানান।
