পটিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহত আব্দুল মোনাফ (৩০) কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট চা বাগান এলাকার বাসিন্দা। তিনি ওই মাইক্রোবাসের চালক ছিলেন।
উজিরপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার দুপুরের এই ঘটনায় অন্তত আরও চার জন আহত হয়েছে বলে হাইওয়ে পুলিশ পটিয়া ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চকরিয়া থেকে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মোনাফ নিহত হয়।”
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সার্জেন্ট জিল্লুর।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, দুর্ঘটনায় আহত দুই নারীসহ চার জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এরা হলেন- আনোয়ারা বেগম (৩৫), বিকাশ (২৮), রোজিনা (১৮) ও মাসুদ (২৫)।
তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
