চট্টগ্রামে কন্টেইনার ডিপোর কর্মকর্তার ‘খোঁজ মিলেছে’
চট্টগ্রামের সীতাকুণ্ড শীতলপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোর ‘নিখোঁজ’ ব্যবস্থাপকের সন্ধান পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যায় ফজলুল কাদের (৪৮) বাড়ি ফিরেছেন বলে আকবর শাহ থানার এসআই আশফাক রাজীব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ডিপোর ডিজিএম নুরুল আক্তারের বরাত দিয়ে তিনি বলেন, “নিখোঁজ ফজলুল কাদের তার বাড়িতে ফিরে গেছেন বলে আমাদের জানানো হয়েছে।”
বেসরকারি ওই ডিপোর ডিজিএম নুরুল আক্তার এর আগে মঙ্গলবার বিকালে আকবর শাহ থানায় ফজলুল কাদেরের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
জিডিতে বলা হয়, সোমবার বিকাল ৩টার দিকে কন্টেইনার ডিপো থেকে গাড়িতে করে নগরীর একে খান এলাকায় যাওয়ার পর থেকে ফজলুলের মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়।
তারপর থেকে পরিবারের সদস্যরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বলে জানানো হয় জিডিতে।
এসআই আশফাক বলেন, “বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের ফজলুল বলেছেন, সোমবার বিকাল থেকে তিনি কক্সবাজারে ছিলেন। আমরা তার জিডির আবেদন প্রত্যাহার করতে বলেছি।”
