সাতকানিয়ায় গুলি করে যুবলীগ নেতাকে হত্যা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গুলি করে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত জহিরুল হাসান (৪৭) উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি। তিনি দক্ষিণ কাঞ্চনা এলাকার কবির আহমেদের ছেলে।
সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৯টার দিকে দক্ষিণ কাঞ্চনা এলাকার বাড়ির কাছেই জহিরকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে যুবলীগ নেতা জহিরকে স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা হত্যা করতে পারে সন্দেহ করছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কিছুদিন আগে গোপন বৈঠকের সময় ওই এলাকায় ১৫/১৬ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার তথ্য জহিরই পুলিশকে দিয়েছিল বলে শিবিরের সন্দেহ।
এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন এই আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন।
