২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সরকারি হাসপাতালের সরঞ্জাম কেনায় অর্থ আত্মসাৎ

চট্টগ্রামের একটি সরকারি হাসপাতালে সাতটি চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে প্রায় পৌনে দশ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য কেনা এসব সরঞ্জাম বাজার দরের চেয়ে বেশি দামে কেনা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

প্রকৃত মূল্য চার কোটি ২৭ লাখ টাকা হলেও এসব সরঞ্জাম কেনা হয়েছে ১৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকায়।

এসব সরঞ্জাম ২০১৪-২০১৫ অর্থবছরে তৎকালীন সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরীর আমলে কেনা হয়েছিল।

সাতটি সরঞ্জামের মধ্যে চারটি কালার ডপলার, হিটাচি কালার ডপলার দুটি ও একটি এমআরআই মেশিন রয়েছে।

বুধবার জেনারেল হাসপাতালে ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র এক সভায় এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

চলতি বছরের এপ্রিলে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

প্রায় পাঁচ মাস তদন্ত শেষে এ প্রতিবেদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কাছে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-২০১৫ অর্থবছরে বাজেট ও বার্ষিক ক্রয় পরিকল্পনা ব্যতিরেকে এসব সরঞ্জাম কেনা হয়েছে।

সভায় জানানো হয়, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি থেকে চীনের তৈরি এমআরআই য্ন্ত্র কেনা হয়েছে নয় কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায়।

তদন্ত কমিটি চীনের এমআরআই মেশিন প্রস্ততকারী প্রতিষ্ঠান বাজদা অব চায়নার সাথে যোগাযোগ করলে তারা এমআরআই যন্ত্রটির বাজার দর দুই কোটি ৮০ লাখ টাকা বলে জানায়।

এছাড়াও অনিয়ম হয়েছে চারটি কালার ডপলার ও দুটি হিটাচি কালার ডপলার ক্রয়ের ক্ষেত্রেও। এগুলোর প্রতিটির প্রকৃত মূল্য সাড়ে চব্বিশ লাখ টাকা হিসেব করে এক কোটি ৪৭ লাখ টাকা হলেও এ ছয়টি কালার ডপলার কেনা হয়েছে তিন কোটি ৯০ লাখ টাকায়।

তৎকালীন সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী ক্রয়াদেশ সংক্রান্ত কমিটির প্রধান ছিলেন।

একই সঙ্গে তিনি দরপত্র মূল্যায়ন কমিটি ও কারিগরি উপকমিটিরও সভাপতি ছিলেন, যা নিয়ম বহির্ভূতভাবে অসাধুতার চর্চা বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা রয়েছে। 

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাংসদ জিয়াউদ্দিন বাবুল বলেন, কারো একার পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব না। এটার একটা চেইন আছে। এ দুর্নীতির পেছনে যারা জড়িত তাদেরকেও খুঁজে বের করা হবে।

দুর্নীতির বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিব ও দুর্নীতি দমন কমিশনের কাছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি।

এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত করা, জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, আইসিউ, সিসিইউ সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

হাসপাতালের সেবার মান তদারকিতে নিয়মিত পরিদর্শনের জন্য তিন সদস্যের একটি ভিজিল্যান্স টিমও গঠন করা হয় সভা থেকে।

সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক, যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মহসিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, কাউন্সিলর জওহরলাল হাজারী ও আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।