২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক কিনতে গিয়ে ধরা সরকারি কর্মকর্তা

চট্টগ্রাম নগরীতে মাদক কিনতে গিয়ে গ্রেপ্তার কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল হক কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুরে নগরীতে মাদকের আখড়া বলে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে আনোয়ারুল হক বরিশাল কলোনিতে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছেন।

“তার কাছে গাঁজা পাওয়ায় তাকে সাতদিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।”

অভিযানে মাদক সেবনের দায়ে আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আবদুস সামাদ শিকদার জানান, নয়জনের মধ্যে দুইজনকে ছয় মাসের, একজনকে তিন মাসের, দুইজনকে এক মাসের ও একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে নগরীর কর্ণফুলির মইজ্জারটেক এলাকায় লাইসেন্স ও ফিটনেস না থাকায় ১৫ টি গাড়ির বিরুদ্ধে নয়টি মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার।

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে গ্যাস বিতরণের জন্য গঠিত কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি কোম্পানি।

পুরনো খবর:

চট্টগ্রামে পোড়ানো হলো মাদকের খুপড়ি ঘর, ৯ জনের জেল