চট্টগ্রামের ইডিইউতে অ্যাডমিশন ফেয়ার মঙ্গলবার
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অ্যাডমিশন ফেয়ারের আয়োজন করা হয়েছে।
আগামী মঙ্গলবার নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের বর্ধিত একাডেমিক ভবনে বেলা ২টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এই এডুকেশন ফেয়ার চলবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, মেলায় ইডিইউ’র স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের আওতায় তিনটি বিভাগের সান্ধ্যকালীন প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয়ে এ মেলায় তথ্য জানা যাবে।
বিষয়গুলো হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ভর্তি সংক্রান্ত তথ্য থাকবে। পাশাপাশি স্পট এডমিশনের মাধ্যমের বিশেষ ছাড় পাওয়ার সুযোগ থাকবে।
এছাড়া বোর্ড অব ট্রাস্টিজ স্কলারশিপ পাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে মেলায়।
ইডিইউ কর্তৃপক্ষ জানান, যেসব শিক্ষার্থী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসব কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, মেলায় তাদের ভর্তি ফি দিতে হবে মাত্র পাঁচ হাজার টাকা।
অন্যদিকে বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন ১০ হাজার টাকায়।
ইডিইউ’র সহকারী অধ্যাপক গোলাম মোক্তাদির দাঈয়ান বলেন, এসব কোর্সের মাধ্যমে ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীরা নিজেদের দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারবে।
“ইডিইউ’র স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে আমেরিকা, ইংল্যান্ড, কোরিয়া ও ভারতের পিএইচডি অর্জনকারী শিক্ষকদের সমন্বয়ে একাডেমিক টিম রয়েছে।”
