সাম্প্রদায়িকতা প্রতিরোধে শিশু-কিশোরদের প্রস্তত করার আহ্বান
ভবিষ্যতে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক চেতনা বিনির্মাণের মাধ্যমে শিশু-কিশোরদের এখন থেকেই প্রস্তুত করার আহ্বান এসেছে শিশু-কিশোর সংগঠন খেলাঘরের এক কর্মশালা থেকে।
শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় ইপসা মিলনায়তনে খেলাঘরের চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় হয়।
এতে মহানগর কমিটির সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, সুস্থ-সবল শরীর ও মানসিক গঠন শিশু কিশোরদের অধিকার। মানবিক মূল্যবোধ শিশুদের অন্তরে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পরিবার সমাজ ও রাষ্ট্রের।
“সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি পরলৌকিক প্রলোভনের মাধ্যমে তরুণদের ধ্বংসমুখী কার্যকলাপে নিযুক্ত করছে। এই ধ্বংসমুখিতা বিনষ্ট করতে আজকের প্রজন্মকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে। সংস্কৃতি চর্চাসহ সৃজনশীল কাজের মধ্যে দিয়ে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে।”
কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যক্ষ শরিফ আহম্মেদ বলেন, সংস্কারমুক্ত উদার পরিবেশ গড়ে তুলতে অন্ধ বিশ্বাস, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা বর্জন এবং বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাতে হবে।
“শিশু কিশোর কিশোরীদের সাংস্কৃতিক ও নৈতিক মান উন্নয়ন, সকল প্রকার অন্যায় ও অসামাজিক কার্যকলাপের প্রতি চরম ঘৃণা এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সমতাবোধের আর্দশ প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।”
কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অধ্যাপক প্রণয় সাহা বলেন, খেলাঘর রাজনীতি নয়, রাজনৈতিক সংস্কৃতির অংশ। তাই সাংস্কৃতিক বির্নিমাণের হাত ধরে সুখী সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খেলাঘর আন্দোলন অব্যাহত রয়েছে।
প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ।
প্রশিক্ষণ পরিচালনা করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেল।
দিনব্যাপী এ প্রশিক্ষণ মহানগর কমিটির ৭০ জন সদস্য অংশ নেন।
