জিয়ার পদক প্রত্যাহার সিদ্ধান্তের সমালোচনা চট্টগ্রাম বিএনপির
৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ও খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপিত শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশের বক্তব্যে সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা জিয়াকে বহুদলীয় রাজনীতির প্রবক্তা বলেও দাবি করে তিনি।
শাহাদাত হোসেন বলেন, “জিয়াউর রহমান মাত্র ছয় বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির দেশে পরিণত করেছিলেন।
“মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে কখনো বাদ দেওয়া যাবে না। বীরউত্তম খেতার ও স্বাধীনতা পদক কেড়ে নেওয়ার ষড়যন্ত্র জনতা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রুখবে।”
বিএনপি প্রতিষ্ঠাতার স্বাধীনতা পদক ও খেতাব কেড়ে নেওয়া হলে সেটা বীরশ্রেষ্ঠ, বীরপ্রতীক ও বীরউত্তমদের অবমাননা হবে বলে মন্তব্য করেন নগর বিএনপির এই নেতা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে একের পর এক বিভিন্ন প্রজেক্ট খুলছে মন্তব্য করে শাহাদাত বলেন, “আজকে তারা নানারকম প্রজেক্ট নিয়ে আছে। মুক্তিযুদ্ধ, জামায়াত, জঙ্গিবাদ ও গণজারগণ মঞ্চ হল এদের প্রজেক্ট।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অংশ নিতে দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাজীর দেউড়ি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকে।
দলীয় কার্যালয়ের সামনে স্থান সংকুলান না হওয়ায় কাজীর দেউড়ির মূল সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বিএনপি নেতারা দলীয় কর্মীদের সমাবেশে আসতে পুলিশি বাঁধার অভিযোগও তুলেন তাদের বক্তব্যে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
সমাবেশে অন্যদের মধ্যে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও জাসাসের নেতারা উপস্থিত ছিলেন।
