অক্টোবরে চট্টগ্রামে ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা’
বাংলাদেশে প্রথমবারের মত ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা’ করতে যাচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটন।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জসীম আহমেদ বলেন, আগামী ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় দুটি মেগা প্যাভিলিয়ন, ছয়টি মিনি প্যাভিলিয়ন ও ৪৫টি সাধারণ স্টল থাকবে।
“সারা দেশের তরুণ উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে আনতে এ মেলার আয়োজন। তরুণ উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে মেলায় অংশ নিতে পারবেন।”
এছাড়াও এ মেলা তরুণ উদ্যোক্তাদের মধ্যে বোঝাপড়া তৈরি ও নতুন ব্যবসা, প্রচার ও প্রসারের সুযোগ এনে দিবে বলে আশা প্রকাশ করেন তরুণ এ ব্যবসায়ী নেতা।
মেলা চলাকালে উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভবনা বিষয়ক আলোচনা, উদ্বুদ্ধকরণ সেমিনার, ফ্যাশন শো ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেলায় অংশ নিতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা 01534740666/ 01819955814 এ নম্বরে যোগাযোগ অথবা jcictgyetf@gmail.com ঠিকানায় মেইল করে নিবন্ধিত হতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক জুনায়েদ ইজদানি, সহ-সভাপতি শফিউল আলম রানা, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন সাহেদ, পরিচালক মনিরুজ্জামান ও রুবায়েত সাকি।
