জামায়াতের হরতালে স্বাভাবিক চট্টগ্রাম
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে তার দলের ডাকা হরতালে সাড়া মেলেনি চট্টগ্রামে।
বুধবার সকাল-সন্ধ্যার এই হরতালে দুপুর পর্যন্ত বন্দর নগরীর কোথাও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের।
নগরী থেকে দূরপাল্লার বাস-ট্রাক চলাচল কিছুটা কম থাকলেও স্বাভাবিক আছে ট্রেন চলাচল।
নগরী ঘুরে দেখা গেছে, হরতালের সকালে ব্যক্তিগত গাড়ি কম থাকলেও সাধারণ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ব্যক্তিগত গাড়ি চলাচলও। দুপুর নাগাদ স্বাভাবিক হয়ে আসে বন্দর নগরীর সব সড়ক।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে কোনো সাড়া নেই।
“যান চলাচল স্বাভাবিক। কোথাও কোনো পিকেটিং বা মিছিল হয়নি।”
হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে প্রায় ১২০০ পুলিশ সদস্য নগরীতে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
