২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তৃপক্ষের অব‌্যবস্থাপনায় ট‌্যাংকে বিস্ফোরণ: ফায়ার সার্ভিস প্রধান 

আনোয়ারার ডিএপি সার কারখানায় ট্যাংক বিস্ফোরিত হয়ে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণের ঘটনায় কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা ও ত্রুটি’ ছিল বলে মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আলী আহমেদ বলেন, “দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও তদন্তে বেরিয়ে এসেছে কারখানার ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ ছিল, রক্ষণাবেক্ষণেরও অভাব ছিল। এছাড়া কারখানায় নিয়মিত তদারকিরও অভাব ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”

২২ অগাস্ট রাতে আনোয়ারা উপজেলার রাঙাদিয়াতে অবস্থিত ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানায় ৫০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক ফেটে গিয়ে গ্যাস নিঃসরণ ঘটে।

এ ঘটনায় অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং ক্ষতির শিকার হয় আশেপাশের পরিবেশও।

ঘটনার কারণ অনুসন্ধানে বিসিআইসি’র পক্ষ থেকে ১০ সদস্যের একটি কারিগরি তদন্ত কমিটি এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের পৃথক তদন্ত কমিটি কাজ করছে।

ফায়ার সার্ভিস প্রধান বলেন, “তাদের পদ্ধতি ঠিক ছিল না। ত্রুটিপূর্ণ বাল্বের জন্য দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এছাড়া দুর্যোগ মোকাবেলায় তাদের যে পদ্ধতি রয়েছে তাও কাজ করেনি।

“এধরনের গ্যাস নিঃসরিত হলে সাধারণত কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব পদ্ধতিতে পানি ছিটিয়ে দেয়। কিন্তু তা কাজ না করায় গ্যাস দূরে ছড়িয়ে পড়ে।”

দুর্ঘটনার পরপর কারখানার লোকজন তাৎক্ষণিক সরে যায় উল্লেখ করে আলী আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের প্রস্তুতির অভাব ছিল; এ ধরনের ঘটনা ফায়ার সার্ভিসের জন্য নতুন।

তদন্তের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “আমাদের তদন্ত সম্পন্ন হয়েছে। আমরা এ ঘটনায় ম্যানেজম্যান্টের যথেষ্ট ত্রুটি পেয়েছি। এ জন্য কারা দায়ী তাও চিহ্নিত। দায়িত্বহীনতার পরিচয় না দিলে এ ধরনের ঘটনা ঘটতো না।”

দুর্ঘটনার পর তিন কর্মদিবেসর মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখনও বিসিআইসির কমিটি তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি।

এদিকে ডিএপি সার কারখানার গ্যাস ট্যাংক নির্মাণকারী চীনা প্রতিষ্ঠান ‘চায়না কমপ্ল্যান্ট’ এর প্রতিনিধি দল রোববার দুর্ঘটনাস্থলে গিয়েছে।