চট্টগ্রাম প্রেস ক্লাবের দাতা সদস্য হলেন নগর বিএনপি নেতা
চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্যপদ নিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন ও আরও তিন তরুণ উদ্যোক্তা।
উদ্যোক্তা তিন তরুণ হলেন- ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যালবিয়নের ব্যবস্থাপনা পরিচালক রাইসুল উদ্দিন সৈকত, অ্যাগ্রো-ফ্রেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জিবরান ও তরুণ শিল্পোদ্যোক্তা আবুল হাসনাত চৌধুরী।
বৃহস্পতিবার সদস্যপদ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে প্রেস ক্লাব নেতাদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নেন তারা।
মতবিনিময় অংশ নিয়ে বিএনপি নেতা শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
“এখানে নানা পথ ও মতের মানুষ আছে। পথ ও মতের এ ভিন্নতাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”
জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সাংবাদিকদের লেখনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ উপস্থিত ছিলেন।
