আফসানা ‘হত্যার’ বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে চট্টগ্রামে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে প্রগতিশীল কয়েকটি সংগঠন।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ হয়।
এতে আফসানা মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখান করে একে হত্যাকাণ্ডে দাবি করেন সন্দেহভাজন ছাত্রলীগ নেতা রবিনের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশ থেকে বক্তারা বলেন, দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির সুযোগে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। একইসাথে সোহাগী জাহান তনু ও পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যারও বিচার দাবি করেন।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরিফ চৌহান, যুব ইউনিয়ন জেলা সভাপতি রিপায়ন বড়ুয়া, সংস্কৃতিকর্মী সুনীল ধর, ছাত্র ইউনিয়ন জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারোয়ারসহ অন্যরা বক্তব্য রাখেন।
