২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি এখনও অর্পিত সম্পত্তি

পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপনকারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি এখনও অর্পিত সম্পত্তি হিসেবে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজন ও আইনজীবীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 08:56 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ নিয়ে কথা বলেন।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ‘জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়নের গুরুত্ব’ শিরোনামে এ সভার আয়োজন করা হয়।

সভায় আলোচক হিসেবে ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারমা দত্ত বলেন, “আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্তের জমি অর্পিত সম্পত্তি করা হয়েছে। তিনি এদেশের জন্য রক্ত দিয়েছেন।

“তার রক্ত এদেশের মাটিতে মিশে আছে। এ নিয়ে দুঃখ আছে। অর্পিত সম্পত্তি নিয়ে যে অন্যায় তা সবাইকে নিয়ে প্রতিহত করব।”

ধীরেন্দ্রনাথ দত্তের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া সদর থেকে দুই মাইল দূরে রামরাই গ্রামে। পঁচাত্তরের পট পরিবর্তনের পর সেই বাড়ি অর্পিত সম্পত্তি করা হয়।

রাষ্ট্রভাষা বাংলার দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি অর্পিত সম্পত্তির তালিকা থেকে মুক্ত করতে না পারাকে জাতির জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন গণফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী সুব্রত চৌধুরী।

“মাস্টারদা সূর্যসেনের বাড়ি শত্রু সম্পত্তির তালিকায় ছিল। বিএনপি সরকারের আমলে তা অবমুক্ত করতে পেরেছিলাম। সকল জাতীয় বীরের সম্পত্তি এখনও শত্রু সম্পত্তি।”

তিনি বলেন, “দুঃখের বিষয়, ধীরেন্দ্রনাথ দত্তের নাতনিকে দ্বারে দ্বারে ঘুরতে হয়। ভূমি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়।

“যিনি এদেশে ভাষা আন্দোলনের সূচনা করেন তার নাতনি আর কতকাল ঘুরবেন? আদালত নাকি ধীরেন্দ্রনাথ দত্তের ডেথ সার্টিফিকেট চায়। আমরা সকলে জানি, পাকিস্তানিরা তাকে কিভাবে হত্যা করেছে।”

আইনজীবী সুব্রত বলেন, “পাকিস্তানিরা ভুল করেনি। কিন্তু আজও আমরা তার সম্পত্তি মুক্ত করতে পারিনি। এ ইতিহাস করুণ। এ কান্না কবে থামবে তা আমরা জানি না।”

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, “শত্রু সম্পত্তি আইন হওয়ার তিন যুগ আগে মাস্টারদা মারা যান। ২০০১ সালের পর মাস্টারদার সম্পত্তি শত্রু সম্পত্তি হয়।

“ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি সত্তর দশকের মাঝামাঝি অর্পিত সম্পত্তি হয়। উনাদের মৃত্যুর পর এসব হলো। এটা আইনের সম্পূর্ণ অপব্যবহার।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তানের গণপরিষদে ১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপনকারী সেসময়ের কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ দত্ত।

“১৯৭১ সালের ২৯ মার্চ তাকে কুমিল্লার বাড়ি থেকে পাকিস্তানি সেনাবাহিনী ধরে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেখানে রাষ্ট্রভাষার প্রস্তাবক এই মহান নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। অথচ আজও আমরা তার বাড়ি উদ্ধার করতে পারিনি।”

অনুষ্ঠানের পর অ্যারমা দত্ত টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাদুর (ধীরেন্দ্রনাথ দত্ত) গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া সদর থেকে দুই মাইল দূরে রামরাই গ্রামে।

“পঁচাত্তরের পট পরিবর্তনের পর সেই বাড়ি অর্পিত সম্পত্তি করা হয়। তা আজও ফিরে পাইনি। বাড়িতে তালা লাগিয়ে রাখা হয়েছে। নামফলক থেকে ‘শহীদ’ শব্দটিও মুছে ফেলা হয়েছে।”

কুমিল্লা সদরের ধর্মসাগরের পশ্চিম পাড়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আরেকটি বাড়ি আছে।

সেটিও দখলের চেষ্টা হয়েছিল জানিয়ে অ্যারমা দত্ত বলেন, “আমাদের প্রতিরোধের কারণে সেটি দখল করতে পারেনি।”

অনুষ্ঠানে প্রধান আলোচক বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী বলেন, “১৯৬৫ সালে যে আইন হয়েছে, ২০১৬ সালেও আমরা তা নিয়ে কথা বলছি। সেই সম্পত্তি ফেরত পেতে লড়াই করছি।

“একমাত্র দুঃখ- মুক্তিযুদ্ধের চেতনার সরকার যখন ক্ষমতায় তখন এ লড়াই করছি। মুক্তিযুদ্ধের সময় মন্ত্রিসভার সিদ্ধান্ত অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে জানিয়ে জয়বাংলা পত্রিকায় নিজ হাতে লিখেছি। তাহলে কি করলাম আমরা?”

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হিন্দু সম্প্রদায়ের অনেক পরিবার ভারতে চলে যায়। এরপর তৎকালীন পাকিস্তান সরকার ভারতে আশ্রয় নেওয়াদেরকে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করে, একইসঙ্গে শত্রু সম্পত্তি আইন করে তাদের পরিত্যক্ত বাড়িঘর সরকারের জিম্মায় নিয়ে নেয়।

স্বাধীনতার পর আইনের ‘শত্রু’ শব্দটির পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি আইন’ নামে আইনটির সংশোধন করা হয়। পরে নবম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এসব সম্পত্তি তাদের আসল মালিক বা তার বংশধরদের ফিরিয়ে দিতে ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন’ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

অর্পিত সম্পত্তি ফিরে পেতে করা মামলার ক্ষেত্রে রিট করা বিষয়ে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনাও করেছেন আলোচকরা।

কামাল লোহানী বলেন, আইনমন্ত্রী যে বললেন রিট করতে পারবেন। তিনি কোন আইনে তা বললেন। আপিল ট্রাইব্যুনালে বিচার শেষ হওয়ার পর আবার কি করে রিট হয়।

“উনি আইনমন্ত্রী, উনি নিশ্চয় জানেন। এটা বড় দুর্ভাগ্য।”

‘অর্পিত সম্পত্তি’ জমি দখলের হাতিয়ার উল্লেখ করে কামাল লোহানী বলেন, মসজিদ-মাদ্রাসার নামে সাইনবোর্ড টাঙিয়ে দিলে কেউ আর কিছু বলবে না। এভাবেই চলছে।

গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেন, “আইনমন্ত্রী চায় অর্পিত সম্পত্তি প্রত্যার্পন যাতে অকার্যকর হয়। তিনি কি করে বলেন, রিট করা যেতে পারে।

“তাহলে এক ইঞ্চি জমিও কেউ পাবে না। এটা তামাশা। আইনমন্ত্রী রিটের কথা বলার পর তো নিম্ন আদালতের-ট্রাইব্যুনালের বিচারকরা বুঝে গেল আইনমন্ত্রী কি চান।”

অ্যাডভোকেট পরিমল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী তবারক হোসেন, শামসুল হুদা, ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও কফিল উদ্দিন চৌধুরী।