চট্টগ্রামে পোল্ট্রিশিল্পের প্রতিবেদন বিষয়ক সাংবাদিক কর্মশালা
পুঁজির নিরাপত্তা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক ব্যবসায়ী পোল্ট্রি শিল্পখাতে বিনিয়োগে উৎসাহিত হবে বলে মনে করছেন চট্টগ্রামের এক কর্মশালায় অংশগ্রহণকারীরা।
শনিবার নগরীতে ওয়াচডগ বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত পোল্ট্রি রিপোর্টিং বিষয়ক এই কর্মশালা হয়।
এতে অংশ নেওয়া আলোচকরা বলছেন, চট্টগ্রামে পোল্ট্রি শিল্পখাতে বিনিয়োগ বাড়লে এই জেলার প্রাণিজ প্রোটিনের উৎস হিসেবে ডিম ও মুরগির মাংসের চাহিদা মেটাতে পাশের জেলার ওপর নির্ভর করতে হবে না।
কর্মশালায় চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ রেয়াজুল হক বলেন, চট্টগ্রামে বর্তমানে প্রায় চার হাজার ৬০০ মুরগির খামার আছে। ২০০৫ সালে বার্ড-ফ্লু বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সবচেয়ে বেশি বিপর্যয় ঘটায়। কিন্তু বার্ড ফ্লু’র কারণে খামারিরা এখন বায়োসিকিউরিটি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে সজাগ হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও পোল্ট্রি ব্যবসায়ী রাকিবুর রহমান টুটুল বলেন, চাহিদার কারণে ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ছে। ২০২১ সালের মধ্যে এ চাহিদা প্রায় দ্বিগুণ হবে।
পুঁজির নিরাপত্তা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক ব্যবসায়ী এ খাতে বিনিয়োগে এগিয়ে আসবেন বলে মন্তব্য করেন তিনি।
কর্মশালার প্রশিক্ষক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম সাইফুদ্দিন বলেন, মুরগী ও ডিম নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। দেশেই আর্ন্তজাতিকমানের গবেষণাকেন্দ্র রয়েছে যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি খামারিদেরও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আলী আর রাজী, দৈনিক প্রথম আলোর সাংবাদিক সোহরাব হাসান, যমুনা টেলিভিশনের সাজ্জাদ আলম খান তপু, দৈনিক আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয়, জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন গণমাধ্যমের ত্রিশজন সাংবাদিক অংশ নেন।
