চট্টগ্রামে কভার্ড ভ্যানে ফেনসিডিল, গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীতে কভার্ড ভ্যানে ৮৯৫ বোতল ফেনসিডিল বহনের সময় দুইজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকালে জানানো হয় গণমাধ্যমকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড় গ্রামের শহীদ সরদারের ছেলে মো. সাইদুর ও কুমিল্লার লাঙ্গলকোট থানার খাটাচং গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহীন মিয়া।
র্যাব-৭ এর সিনিয়র এএসপি শাহেদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের একটি চালান নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছে- এমন তথ্যে অভিযান চালানো হয়।
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ থেকে সন্দেহভাজন গাড়িটি অনুসরণ করা হচ্ছিল। নগরীর আকবর শাহ থানার নিউ আমন্ত্রণ হোটেল সংলগ্ন এলাকায় গাড়িটি আটক করা হয়।”
এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা শাহেদা।
