২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলচালকদের বিক্ষোভ

একদিন আগে লাইন পরিবর্তনের সময় এক সহকর্মীকে মারধরের ঘটনায় কোনো মামলা না হওয়ায় চট্টগ্রাম লোকো শেডে বিক্ষোভ করেছেন ট্রেনচালকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 11:19 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তারা লোকো শেডে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে।

লোকো মাস্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের সিদ্ধান্ত অনুসারে চালকদের নিরাপত্তার ব্যবস্থা করবে রেলওয়ে।

“গতকাল (বুধবার) চালককে মারধর করা হল। কর্তৃপক্ষ কথা দিয়েছিল এ ঘটনায় মামলা করবে। আজ সারাদিনেও মামলা না হওয়ায় ট্রেনচালক ও সহকারীরা ক্ষুব্ধ।”

“তারা বলছে, মামলা না হলে তারা কাজ বন্ধ করে দেবে। আমি তাদের বোঝানোর চেষ্টা করছি,” বলেন তিনি।

রাত ৯টার পর থেকে লোকো মাস্টার, সহকারী লোকো মাস্টার ও অন্য কর্মচারীরা মিছিল করতে থাকে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে থামে।

যাত্রীরা নামার পর ট্রেনটি তিন নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় লাইনে লোকজন দেখে হর্ন বাজান লোকো মাস্টার (ট্রেন চালক) ইসহাক ইকবাল।

এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি ট্রেনের ইঞ্জিনে উঠে চালককে মারধর করেন। এতে চালক ট্রেনের নিয়ন্ত্রণ হারালে সেটি প্ল্যাটফর্ম সংলগ্ন প্রতিবন্ধকের (ডেড এন্ড) সাথে ধাক্কা দেয়।

সিমেন্টের তৈরি প্রতিবন্ধকের ক্ষতি হলেও প্ল্যাটফর্ম বা ট্রেনের কোনো ক্ষতি হয়নি বলে রেল কর্মকর্তারা জানিয়েছিলেন।  

ওই ঘটনা তদন্তে পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয় বুধবার রাতেই।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান ফিরোজ ইফতেখার ও রেলের বিভাগীয় ব্যবস্থাপক মনজুর-উল আলম মেকানিক্যাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) হারুন অর রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।